সাকিবের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত

by Sports Desk

চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে দায়ের করা মামলায় সাকিবের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ প্রদান করেন। আদালতের পেশকার রিপন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisements

গত বছরের ১৮ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনারের মামলায় সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। এ আদেশ দেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক। চলতি বছরের ১৮ জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তবে সেদিন উপস্থিত না হওয়ায় ১৯ জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকা বেগম।

মামলা সূত্রে জানা যায়, সাকিব আল হাসানের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেন। এর বিপরীতে দুটি চেক ইস্যু করা হয়। কিন্তু চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি ডিজঅনার হয় যার মোট পরিমাণ প্রায় চার কোটি ১৫ লাখ টাকা।

পরে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা ঋণের টাকা ফেরত চেয়ে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠায়। তবে ৩০ দিন পার হলেও কোনো সাড়া না পাওয়ায় ব্যাংক আদালতে মামলা দায়ের করে।

ইউএ / টিডিএস

You may also like